, | |

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

শেষ মুহূর্তে বাজিমাত আসলাম চৌধুরীর


আসলাম চৌধুরী
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৭ ডিসেম্বর, ২০২৫ ৩:০৪ : অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। শেষ মুহূর্তে বাজিমাত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। এই আসনে কাজী সালাউদ্দিনকে বাদ দিয়ে আসলাম চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০ ডিসেম্বর তাকে মনোনয়ন প্রদান করেন। আজ শনিবার আসলাম চৌধুরীকে মনোনয়ন সংক্রান্ত চিঠি প্রদান করা হয়।

বিএনপির চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ রাজনীতি সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাউদ্দিনকে মনোনয়ন দেয়। তিনি নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। এমনকি তফসিল ঘোষণার পর এলাকায় গণসংযোগও করেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে এসে কপাল পুড়লো কাজী সালাউদ্দিনের।

এ পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এগুলো হলো-চট্টগ্রাম-১ (মীরসরাই): চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): বিএনপি চেয়ারপারসনের উপেদেষ্টা আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী): বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬ (রাউজান) বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী): চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী): চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী): বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া): দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়ায়): নাজমুল মোস্তফা আমীন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

 

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

আরও পড়ুন: চট্টগ্রাম-১১ আসন নিয়ে ‘চাপের মুখে’ তারেক রহমান!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর