, | |

মূলপাতা বিএনপি

জমিয়তে উলামায়ে ইসলামকে ৪টি আসন ছেড়ে দিলো বিএনপি


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৩ ডিসেম্বর, ২০২৫ ১:২১ : অপরাহ্ণ

নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি সংসদীয় আসন ছেড়ে দিয়েছে বিএনপি। আসনগুলো হলো-সিলেট-৫, নীলফামারী-১, ব্রাহ্মণবাড়িয়া-২ ও নারায়ণগঞ্জ-৪।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়া আসনগুলো হলো-সিলেট-৫ আসনে প্রার্থী হচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলামের আমীর মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। এসব আসনে প্রার্থী দেবে না বিএনপি।

মির্জা ফখরুল বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন, বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। এ সময় বিএনপি মহাসচিব জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত দিনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে জমিয়তে উলামায়ে শীর্ষ স্থানে ছিল। সেই রাজনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় দলটির সঙ্গে নির্বাচনি আসনের সমঝোতা হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলামের আমীর মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, দেশ ও জাতির কল্যাণে দেশ পরিচালনায় বিএনপির ওপর আস্থা রাখেন তারা। সে কারণেই বিএনপির সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর