সুপ্রীম কোর্টের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমানে তিনি আপিল বিভাগে কর্মরত আছেন। আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণের কথা রয়েছে।
গতকাল সোমবার বঙ্গভবনে তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ঐদিন তার ৬৭ বছর পূর্ণ হবে। জানা গেছে, দু একদিনের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
গত বছর ১১ আগস্ট দেশের ২৫ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন সৈয়দ রেফাত আহমেদ। আগামী শনিবার তিনি অবসরে যাবেন। বর্তমানে সুপ্রিম কোর্ট বার্ষিক ছুটি থাকায় গত বৃহস্পতিবার তার জীবনের শেষ কর্ম দিবস। রীতি অনুযায়ী, ঐদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে।
নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাওয়া জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়।
২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেছেন।
আরও পড়ুন: যাত্রা শুরু করলো ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’
