, | |

মূলপাতা জাতীয়

যাত্রা শুরু করলো ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’


যাত্রা শুরু করলো ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২২ ডিসেম্বর, ২০২৫ ৬:১৬ : অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোটের বিষয়ে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ভোটের গাড়ি। সুপার ক্যারাভান নামের এই ভোটের গাড়ি দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলা পরিভ্রমণ করবে।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে সুপার ক‍্যারাভান।

অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ‍্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট।’

সরকারপ্রধান বলেন, ‘এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি-সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘ভোটাধিকার কারো দয়া নয়-এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি, আমাদের ভবিষ্যৎ কোনপথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব।’

জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনারা জুলাই সনদের পক্ষে ভোট দিন। গণভোটে হ্যাঁ ভোট জিতলে আগামী বহুদিনের জন্য নির্ধারণ হবে দেশ কোন পথে যাবে।’

আরও পড়ুন: হাদি হত্যার বিচার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর