মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দগ্ধ তাজেসের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।
পুলিশ জানায়, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্ক করে রাখা ছিল। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। রাতে বাসেই ঘুমাচ্ছিলেন চালক তাজেস খান। ঘুমন্ত অবস্থায় তিনি গুরুতর দগ্ধ হন।
শিবালয় থানার ওসি আমান উল্লাহ বলেন, ‘ফলসাটিয়া এলাকায় স্কুল বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় বাসটির চালক দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
এদিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে গত রোববার রাতে শিবালয় উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিংয়ে রাখা অবস্থায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের স্কুল বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় শিবালয়ের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: রাজধানীতে বাসে অগ্নিসংযোগের সময় জনতার ধাওয়া, নদীতে ডুবে যুবকের মৃত্যু
