এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) নামের প্রতি মানুষের একটি নেগেটিভ ধারণা রয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, এনবিআরে কেউ চাকরি করে এটা শুনলে সবাই একটা অট্টহাসি দেয়। মানুষ কেন হাসি দেয় এটা আমরা-আপনারা সবাই কিন্তু জানি। কাজেই এনবিআর নামটা আর না থাকাটা সবার জন্য ভালো।
আজ রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
ফাওজুল কবির খান বলেন, সম্প্রতি সরকার জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করেছে সরকার, যেখানে কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। দুই বিভাগের জন্য দুজন সচিব থাকবেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমাদের নতুন যে দুটি বিভাগ হবে (রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন) এখানে সচিব নিয়োগ কীভাবে হবে, সেটার একটা নীতিমালা করতে হবে। যেহেতু রাজস্ব কার্যক্রম চালাতে হবে সেহেতু নীতিমালা করা প্রয়োজন। ঊর্ধ্বতন পদগুলোতে নীতিমালা করতে হবে। যাতে রাজস্ব আহরণ কার্যক্রমটা আরও বেগবান হয়।
এনবিআরকে ভেঙে দুই বিভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবিতে হওয়া আন্দোলন প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, আমরা দেখেছি একটি নিরীহ আন্দোলন পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপ নিয়েছে। দেখেছি এই আন্দোলনটা অর্থনৈতিক ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়েছে। আপনারা গণমাধ্যমের রিপোর্টও দেখেছেন আন্দোলনের নামে তারা হোয়াটসঅ্যাপ খুলে সরকারবিরোধী আন্দোলনের রূপ দিয়েছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল।
উপদেষ্টা বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। তাদের কর্ম তৎপরতার মাধ্যমেই সেই আস্থা ফিরিয়ে আনতে হবে।
ফাওজুল কবির খান বলেন, এনবিআর সংস্কার নিয়ে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেখানে কিছু সমস্যা রয়েছে। শব্দ গঠনেও ছিল কিছু ভুল। উপদেষ্টা কমিটি সেগুলো সংশোধনের সুপারিশ করবে।
আরও পড়ুন: পুরান ঢাকায় ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো
