মবের পেছনে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কি না-এই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের মূল হোতা এখনো গ্রেপ্তার না হওয়ায় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কি তবে ধরে নেবো, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে।’
আজ শনিবার রাজধানীর হোটেল লেকশোরে গণঅভ্যূত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
ষড়যন্ত্র এখনো শেষ হয়নি মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘আমি ৮-৯ মাস আগেই বলেছি, অদৃশ্য শত্রু আছে। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই অদৃশ্য শত্রু। আজকে আমাদের দেখতে হবে, কারা প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ায়। আমাদের সত্যিকারভাবে খুঁজে বের করতে হবে কারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে। আজ, গতকাল, গত পরশু বা ৫০ বছর আগে বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে এবং কারা নেয়নি এ বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে।’
এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সরকারকে আমরা বারবার বলেছি, অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না। তাদের (সরকার) দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের হেফাজত করা। সরকারের কাছে আমাদের প্রশ্ন, তাঁরা কেন প্রশ্রয় দিচ্ছে।’
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনার উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি, যাকে আমরা স্ক্রিনে দেখেছি, যে হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। আমরা কি তবে ধরে নেবো, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে?’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যে অন্যায় করবে, সে অন্যায়কারী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেশের প্রচলিত আইনে। অন্যায়কারী কোন দলের লোক হতে পারে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে। আমরা খেয়াল করছি, কারা একটি সুস্থ পরিবেশকে বাধাগ্রস্ত করতে চায়।’
তারেক রহমান বলেন, ‘অন্যাকারী যেই হোক, বিএনপি সমর্থন করে না। প্রশাসনের পুরনো ভূতের পাশাপাশি নতুন ভূতের ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে।’
আরও পড়ুন: পুরান ঢাকায় ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো
