, | |

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

সাড়ে ৪ মাসের মাথায় ‘চমক’ দেখালেন বুলু-জমির


প্রকাশের সময় :২৭ জুন, ২০২৫ ২:১০ : অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব কাঁধে নেওয়ার মাত্র সাড়ে চার মাসের মাথায় ‘চমক’ দেখালেন বেলায়েত হেসেন বুলু ও জমির উদ্দিন নাহিদ। তারা একযোগে মহানগর ও ১৫ থানায় পূর্ণাঙ্গ কমিটি এবং ১২ ওয়ার্ডে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এফ এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এসব কমিটি অনুমোদন করেন।

চট্টগ্রাম মহানগরের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছে। ,

১৫টি থানায় ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ১২টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে বেলায়েত হেসেন বুলুকে আহ্বায়ক ও জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে চার মাসের মাথায় তারা একযোগে মহানগর ও ১৫ থানায় পূর্ণাঙ্গ কমিটি এবং ১২ ওয়ার্ডে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছেন।

এর আগে ২০২১ ও ২০২২ সালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের তৎকালীন সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু ১৫ থানায় এবং ১১ ওয়ার্ডে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছিলেন। পরে এসব কমিটি বিলুপ্ত করা হয়।

গতরাতে কমিটি ঘোষণার পর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বেলায়েত হেসেন বুলু ও জমির উদ্দিন নাহিদকে অভিনন্দন জানান। দ্রুত সময়ে কমিটি ঘোষণা করায় নেতাকর্মীরা এটাকে বুলু-জমিরের ‘চমক’ বলছেন। নেতাকর্মীরা বুলু-জমিরের নেতৃত্বের প্রশংসা করছেন। 

 

জানতে চাইলে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হেসেন বুলু রাজনীতি সংবাদকে বলেন, ‘দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে চার মাসের মাথায় আমরা একযোগে মহানগর ও ১৫ থানায় পূর্ণাঙ্গ কমিটি এবং ১২ ওয়ার্ডে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছি। একসাথে মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি গঠন করা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমি মনে করি, এটা আমাদের অনেক বড় একটা অর্জন। কমিটি ঘোষণার পর নেতাকর্মীরা কেউ অসন্তুষ্ট হয়নি। সবাই কমিটিকে স্বাগত জানিয়েছেন। কারণ আমরা কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করেছি।’

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ রাজনীতি সংবাদকে বলেন, ‘আমরা অত্যন্ত স্বল্প সময়ে এসব কমিটি গঠন করেছি। বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত এবং যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়েছে। যে কারণে কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে কোনো অসন্তোষ হয়নি। আশা করছি, চট্টগ্রাম মহানগরে স্বেচ্ছাসেবক দল একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে।’

আরও পড়ুন: চট্টগ্রামে অভিনব কায়দায় যুবদল নেতার চাঁদাবাজি ও জমি দখলের চেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর