যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের এই বৈঠকটি একটি ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে বলে আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি (ইউনূস) যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি।’
মির্জা ফখরুল বলেন, ‘এই সাক্ষাতে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে বলে আমরা মনে করছি। রাজনৈতিক অচলাবস্থা দূর করার একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় স্বার্থে এই দুই নেতার মধ্যে সংলাপ একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে এসেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারিত না থাকলেও জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হতে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বৈঠকের গুরুত্ব ও সম্ভাবনা অনেক। এই বৈঠক থেকে অনেক কিছুর ডাইমেনশন হতে পারে।’
দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
সরকার এপ্রিলে নির্বাচন করলে বিএনপি কী করবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমরা এখনও ভাবছি না, সিদ্ধান্ত নিইনি। তবে, এপ্রিলে নির্বাচনের বিষয়টি সরকার বিবেচনা করবে। কারণ, এপ্রিল যৌক্তক সময় নয়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়—এমন একটি প্রোপাগান্ডা চলছে। এটির কোনো ভিত্তি নেই। বিএনপি এমন একটি দল, যাকে কোনো কিছু করে শেষ করা যায় না, যাবে না।’
আরও পড়ুন: লন্ডনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
