, | |

মূলপাতা বিএনপি

খালেদা জিয়াকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল


বিএনপি নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর বিমানবন্দর সড়কে।
প্রকাশের সময় :৬ মে, ২০২৫ ১০:২৩ : পূর্বাহ্ণ

লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকা থেকে গুলশান পর্যন্ত সড়কে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

এরপর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। তার সঙ্গে দেশে এসেছেন দুই পুত্রবধূ- তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

ভোরের আলো ফোটার পর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে জড়ো হতে শুরু করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী, খিলক্ষেত ও বিমানবন্দরে অবস্থান নেন।

তারা পিকআপ কিংবা বাসে করে গান বাজাতে-বাজাতে দলের ও দেশের পতাকা নিয়ে উপস্থিত হন নেত্রীকে স্বাগত জানাতে। এ সময় তাদেরকে ‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

একইসঙ্গে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশেরও ব্যাপক তৎপরতা দেখা গেছে।

দলীয় সূত্র জানা গেছে, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করে বিমানবন্দর থেকে লা মেরিডিয়েন হোটেল পর্যন্ত এলাকায়। ছাত্রদল অবস্থান কররে লা মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত এলাকায়। যুবদল অবস্থান করে খিলক্ষেত থেকে হোটেল র‍্যাডিসন পর্যন্ত এলাকায়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করে হোটেল র‍্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত এলাকায়। স্বেচ্ছাসেবক দল অবস্থান করে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত এলাকায়।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতে করেই তিনি লন্ডনে যান। একইভাবে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি।

আরও পড়ুন: সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইইউ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর