, | |

মূলপাতা চট্ট-মেট্টো

আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি লতিফকে


আজ রোববার বিকেলে সাবেক এমপি এম এ লতিফকে আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৯:০৫ : অপরাহ্ণ

কারাবন্দি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ রোববার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসান শাহরিয়ারের আদালতে শুনানি শেষে নগরীর চান্দগাঁও থানার দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এম এ লতিফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মাত্র ১০ মিনিটের মধ্যে কার্যক্রম শেষ করে লতিফকে কারাগার নিয়ে যাওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরীর বহদ্দারহাট এলাকায় গত ১৭ জুলাই গুলিতে নিহত হন সাইমন নামে একজন। এছাড়া ৪ আগস্ট আন্দোলন চলাকালীন সময়ে বহদ্দারহাট এলাকায় নিহত হন ফজলে রাব্বি নামে একজন।

এ দুটি পৃথক ঘটনায় চান্দগাঁও থানায় গত ৩০ ও ২১ আগস্ট মামলা দুটি হয়।

গত ১৭ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামী থানার বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হওয়ার ঘটনায় নগরীর ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর এ মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।

 

এর আগে গত ৯ আগস্ট নগরীর মাদারবাড়ি নসু মালুম মসজিদ এলাকায় জনতার রোষানলে পড়েছিলেন এম এ লতিফ। খবর পেয়ে সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছিল।

উল্লেখ্য, গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন এম এ লতিফ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন।

অভিযোগ রয়েছে, গত ১৫ বছর ধরে এমপি লতিফ চট্টগ্রাম বন্দরে প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান থেকে কমিশন নিতেন। এ ছাড়া বন্দর-পতেঙ্গা এলাকায়ও বিভিন্ন অবৈধ ব্যবসা-বাণিজ্য থেকে লতিফ কমিশন নিতেন। এ ছাড়া লতিফ চট্টগ্রাম চেম্বারকে গত ১৫ বছর ধরে জিম্মি করে রেখেছেন।

আরও পড়ুন: গ্রেপ্তারের পর ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি লতিফ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর