রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে যাওয়া নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আগামীকাল বুধবার (১৮ আগস্ট) রাজধানীর সকল থানায় বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তারা।
আজ (১৭ আগস্ট) মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
আব্দুস সালাম অভিযোগ করে বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। এটা আমাদের কবর জিয়ারতের কর্মসূচি ছিলো। এই হামলার প্রতিবাদে বুধবার ঢাকা শহরে থানায় থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হবে।’
চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় পরিকল্পনা কমিশনের সচিবের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে বিএনপির নেতা-কর্মীদের দায়ী করা হয়।’
এ ঘটনার বিষয়ে আব্দুস সালাম বলেন, ‘এই গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির কেউ জড়িত নন। এসব সরকারের লোকেরা ঘটিয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র দপ্তরের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, মহানগর উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আরও পড়ুন:
চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ ব্যাপক সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
