, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিলো ছাত্রলীগ


চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় ড. মুহাম্মদ ইউনূসের তিনতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলছে। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৯ নভেম্বর, ২০২৬ ৮:০৩ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ড. ইউনূসের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় হঠাৎ নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত সেখানে এগিয়ে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আমাদের ধারণা, কেরোসিন বা অকটেনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে।

ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ওসি বলেন, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় ড. মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। ঘটনার পর বাড়িটির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আদি পৈতৃক নিবাস চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তার বাবা ছিলেন ব্যবসায়ী এবং ব্যবসার সুবাদেই তিনি চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় এই বাড়িটি নির্মাণ করেছিলেন। ড. ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে এই বাড়িতেই।

এর আগে মাত্র কয়েক দিন আগেই চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া সম্প্রতি দেশের আরও বেশ কয়েকটি জায়গায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আওয়ামী লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগ, সেই এসপি গ্রেপ্তার

Rajniti Sangbad


আরও খবর