প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার সচিবালয়ে বৈঠকে বসেছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেবল নির্বাচনকেন্দ্রিক বা সাময়িক সমাধান নয়; বরং সংস্কার, ন্যায়বিচার ও জাতীয় সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে দীর্ঘমেয়াদি কৌশলগত রোডম্যাপ এবং একটি অভিন্ন ‘জাতীয় পররাষ্ট্রনীতি’ প্রণয়ন করতে হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
আজ দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী নাশকতার পরিপ্রেক্ষিতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে প্রধানমন্ত্রীর আহ্বানের অংশ হিসেবে এই বৈঠক হয়।
বৈঠকে এনসিপির পক্ষে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়ে নাহিদ ইসলাম বলেন, বৈঠকে আমরা বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনৈতিক সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে। গত কয়েকদিন ধরেই দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। যার ভিকটিম সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদ বিরোধী নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব।
পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, এই বিষয়ে কীভাবে দেশের পরিস্থিতিতে উত্তরণ ঘটানো সম্ভব? একটি রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বর্তমান উদ্বেগগুলো ব্যক্ত করেছেন।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, যে কোনো ধরনের ঐক্যে- জুলাই, সংস্কার ও বিচার এবং দেশের সার্বভৌমত্বকে প্রধান রাখতে হবে। ফলে এই ঐক্যে প্রক্রিয়া যাতে সংস্কার একটি অ্যাজেন্ডা হয়। সংস্কারকে অ্যাজেন্ডাভুক্ত করার আহ্বান বা সুপারিশ আমরা জানিয়েছি।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যেই একদলীয় সংবিধান সংশোধন কমিটির রয়েছে, সেই কমিটি আসলে সংস্কার প্রক্রিয়াকে, গণভোটের রায় বাস্তবায়ন প্রক্রিয়াকে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আমরা সেই কমিটি বাতিল করার সুপারিশ জানিয়েছি। আহ্বান জানিয়েছি, যেভাবে গণভোটের রায় এসেছে সেই রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা।
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা বলেছি, বাংলাদেশে এই যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা, আমরা জুলাই গণভুথানে করেছিলাম, এই লড়াইটা আমাদের এখনো করতে হচ্ছে। এই লড়াইটা ছিল গণতন্ত্রের পক্ষ বনাম বিপক্ষ। ফলে আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে না পারি, টেকসই করতে না পারি, তাহলে জনগণের আস্থা অর্জন আমরা করতে পারবো না। দেশে অর্থনৈতিক বিনিয়োগে আসবে না। ফলে এই কারণে সংস্কারটা অত্যন্ত জরুরি একটি বিষয়।
আরও পড়ুন: পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার করা হবে: বিজিবি







