, | |

মূলপাতা শিক্ষা

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, জেনে নিন আবেদনের নিয়ম


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২২ নভেম্বর, ২০২৬ ১:০৪ : অপরাহ্ণ

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য যেসব ছাত্রী এখনো উপবৃত্তির আওতায় আসেনি, তাদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খুলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় তারা এই সুবিধা পেতে যাচ্ছে।

গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির ছাত্রীদের জন্য শতভাগ উপবৃত্তি চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ছাত্রদের জন্য পূর্বের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলমান থাকবে।

শিক্ষার্থীদের কাছে সরাসরি সরকারি অর্থ পৌঁছে দিতে জিটুপি পদ্ধতি অনুসরণ করা হবে। এ পদ্ধতিতে উপবৃত্তির টাকা পেতে বাধ্যতামূলকভাবে অনলাইন তফশিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।

নতুন হিসাব খুলতে হবে যাদের
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত রয়েছে কিংবা যারা উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খুলতে হবে না। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পড়লেও যারা এখনো উপবৃত্তি পাচ্ছে না, শুধু তাদের বা তাদের অভিভাবকের নামে হিসাব খুলতে হবে।

অভিভাবক হিসাব
সাধারণত শিক্ষার্থীর বাবা অথবা মা হবেন অভিভাবক। তাদের মধ্যে যেকোনো একজনের নামে তফশিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন হিসাব থাকলে সেটি ব্যবহার করে উপবৃত্তির জন্য আবেদন করা যাবে। নতুন হিসাব খুললেও একই নিয়ম অনুসরণ করতে হবে। তবে বাবা-মা দুজনই জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা কিংবা নানির মধ্যে যেকোনো একজনকে অভিভাবক করা যাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

অভিভাবক হিসেবে যাকে দেখানো হবে, হিসাব খোলার সময় তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ গ্রহণের শর্তাবলি
মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে উপবৃত্তির অর্থ পেতে হলে শিক্ষার্থীর বাবা বা মায়ের মধ্যে অন্তত একজনের জীবিত থাকা আবশ্যক। এক্ষেত্রে যাকে অভিভাবক হিসেবে মনোনীত করা হবে, তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সিম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং একই এনআইডি ব্যবহার করে তার নামেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে।

অ্যাকাউন্ট খোলার পাশাপাশি কেওয়াইসি (KYC) ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়াও অপরিহার্য। এনআইডি, সিম রেজিস্ট্রেশন ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্যের মধ্যে কোনো গরমিল পাওয়া গেলে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।

অভিভাবক না থাকলে যা করণীয়
কোনো শিক্ষার্থীর বাবা-মা কিংবা নির্ধারিত স্বজনদের কেউ অভিভাবক না থাকলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান তৃতীয় কোনো ব্যক্তিকে অভিভাবক হিসেবে মনোনয়ন দিতে পারবেন। এ ক্ষেত্রে একটি প্রত্যয়নপত্র প্রদান করতে হবে এবং এইচএসপি-এমআইএস (https://hsp.pmeat.gov.bd/login) ওয়েবসাইটে আবেদনের তথ্য এন্ট্রি করার সময় তা আপলোড করতে হবে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীকে কেবল নিজের নামে তফশিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে হবে।

পাশাপাশি শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট চালু রাখা প্রয়োজন। তবে বয়স ১৮ বছর পূর্ণ হলে অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে; তখন নিজস্ব জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে অ্যাকাউন্টটি আপডেট করতে হবে।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত করার প্রক্রিয়া
ব্যানবেইস প্রদত্ত ইআইআইএন (EIIN) নম্বরধারী সাধারণ এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে। এর জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে স্কিম পরিচালকের বরাবর আবেদন পাঠাতে হবে। প্রয়োজনীয় আবেদন ফরম ও বিস্তারিত নির্দেশনা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।

অপরদিকে এইচএসপি-এমআইএস (https://hsp.pmeat.gov.bd/login) ওয়েবসাইটে প্রথমবার লগইন করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে ইউজার আইডি সচল করতে হবে।

এছাড়া উপবৃত্তি নিয়ে যেকোনো জটিলতায় সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে নির্ধারিত ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

Rajniti Sangbad


আরও খবর