বিতর্কিত, পলাতক বা ফেরারি কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল নাসির উদ্দিন।
আজ সোমবার সকালে ময়মনসিংহের শহীদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কর্নেল নাসির উদ্দিন বলেন, ‘বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সীমান্তে যে কোনো অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’
বিজিবির এই কমান্ডার হুঁশিয়ার করে বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে।’
কর্নেল নাসির উদ্দিন বলেন, ‘ময়মনসিংহ সেক্টরের অধীনে প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। পাশাপাশি নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ এটিভি যান ব্যবহার করা হচ্ছে। জনবল বাড়িয়ে প্রতিটি বিওপির নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।’
বিজিবির এই কমান্ডার বলেন, ‘হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় সম্ভাব্য তৎপরতা নিয়ে বিজিবি কিছু তথ্য পেয়েছে। তবে গোয়েন্দা নজরদারি, মাঠপর্যায়ের তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেসব তথ্য যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত ওইসব এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা তাদের নজরে আসেনি।’
বিজিবির এই কমান্ডার বলেন, ‘কোনো তথ্যকেই অবহেলা করা হচ্ছে না। প্রাপ্ত প্রতিটি তথ্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিএফআই ও এনএসআইয়ের সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর মাঠপর্যায়ে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আরও পড়ুন: দেশ ছাড়ার সময় বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
