, | |

মূলপাতা রাজধানী

দেশ ছাড়ার সময় বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার


সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৩ নভেম্বর, ২০২৬ ৯:৩১ : পূর্বাহ্ণ

নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।

আজ সোমবার সুইডেন আসলামের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে।

বিমানবন্দর সূত্র জানায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে প্রবেশ করেন। এরপর তিনি ইমিগ্রেশনে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সুইডেন আসলামের নামে ২২টি মামলা রয়েছে, যার মধ্যে নয়টিই হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় সাজাও হয়েছিল তার।

উল্লেখ্য, ঢাকার একসময়ের শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম সুইডেন আসলাম। ১৯৯৬-৯৭ সালে কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ ঢাকায় বিভিন্ন এলাকায় আলোচিত যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তার পেছনে সুইডেন আসলামের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। কিন্তু তাকে প্রকাশ্যে দেখা যেতো না। শোনা যেতো, ছদ্মবেশে ঘুরে বেড়াতেন তিনি। সবসময় পরে বুলেট প্রুফ জ্যাকেট থাকতেন। দীর্ঘ চেষ্টা ও নানা পরিকল্পনার পর ১৯৯৭ সালের ২৬ মে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। সেই সময় তার বয়স ছিল ৩৫ বছর।

 

বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯৮৬-৮৭ সালের দিকে সুইডেন আসলামের উত্থান হয়। শুরুতে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় ছিল তার আধিপত্য। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারে নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে খুন করার অভিযোগে ব্যাপক আলোচনায় আসেন আসলাম।

আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৭ সালের ২৬ মে গ্রেপ্তার হন সুইডেন আসলাম। সেই সময় তার কাছ থেকে বুলেট প্রুফ জ্যাকেটও উদ্ধার করা হয়। এরপর জেল থেকেই তিনি অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন বলে জানা যায়।

দীর্ঘ কারাজীবন শেষে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্তি পান ঢাকার অন্যতম এই শীর্ষ সন্ত্রাসী। ২৭ বছর পর মুক্তি পাওয়া সুইডেন আসলামের বয়স এখন ৬৪ বছর।

নামের আগে ‘সুইডেন’ শব্দটি বসার কারণ হিসেবে জানা যায়, আসলামের প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও সুইডেনে গিয়ে কয়েক বছর ছিলেন। সেই সূত্রে সুইডেন শব্দটি তার নামের আগে জুড়ে যায়। একসময় ইতির সঙ্গে তার ছাড়াছাড়িও হয়ে যায়।

সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। পরিবারসহ তারা থাকতেন ঢাকার ইন্দিরা রোডে। তেজগাঁও পলিটেকনিক স্কুল থেকে এসএসসি পাস করেন তিনি।

Rajniti Sangbad


আরও খবর