, | |

মূলপাতা রাজধানী

ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন। পুরোনো ছবি
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৭ নভেম্বর, ২০২৬ ১০:২৪ : পূর্বাহ্ণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

এসআরবির মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে জানান, বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-১-এর একটি দল সাঈদ খোকনকে গ্রেপ্তার করে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির শীর্ষ অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান। যারা যেতে পারেননি তারা দেশেই আত্মগোপনে থাকেন। এর মধ্যে অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি আছেন। আবার অনেকে আত্মগোপনেই আছেন। মাঝেমধ্যে কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন।

সাঈদ খোকন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। বাবা মোহাম্মদ হানিফের হাত ধরেই সাঈদ খোকন রাজনীতিতে আসেন।

১৯৮৭ সালে ওয়ার্ড শাখার আইন বিষয়ক সম্পাদক হিসেবে আওয়ামী লীগে নাম লেখান সাঈদ খোকন। এরপর ১৯৯৯ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগে যোগ দেন।

২০০৪ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন। সর্বশেষ তিনি মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন। ২০১৫ সালের ২৮ এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন।

আরও পড়ুন: সমালোচনার মুখে জিয়াউল আহসানের হাতে পরানো হলো হাতকড়া

Rajniti Sangbad


আরও খবর