কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স প্রতিবার খুললেই পাওয়া যায় কাড়ি কাড়ি টাকা। এই মসজিদের ১৫টি দানবাক্স থেকে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। এ ছাড়া মিলেছে বৈদেশিক মুদ্রা, সোনার চামচ, বাটি ও স্বর্ণালংকার।
আজ শনিবার দীর্ঘ প্রায় ১৫ ঘণ্টা গণনা শেষে রাত সোয়া ১০টার দিকে মোট টাকার পরিমাণ জানা যায়।
এর আগে সকাল সাতটার দিকে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে ১৫টি দানবাক্স খোলা হয়। এরপর দানবাক্স থেকে বের হয়ে আসে কাঁড়ি কাঁড়ি টাকা। টাকাগুলো প্রথমে বস্তায় ভরা হয়। এবার ৫১ বস্তা টাকা হয়। এরপর মসজিদের দ্বিতীয় তলায় টাকাগুলো মেঝেতে ঢেলে গণনা করা হয়।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দানবাক্সে সোনার চামচ ও বাটি পাওয়ার ঘটনা এবারই প্রথম। দানবাক্সে প্রায় এক বস্তা চিঠিও পাওয়া গেছে।
প্রতি তিন থেকে চার মাস পরপর এই দানবাক্সগুলো খোলা হয়। এবার চার মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৭ জুন মসজিদের দানবাক্সগুলোতে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এবারের পাওয়া দানের টাকা সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, মানুষের দানের পরিমাণ বেড়ে যাওয়ায় এবার দুটি বাক্স বাড়িয়ে মোট ১৫টি করা হয়েছে। কিন্তু চিঠিপত্র ও চিরকুটের কারণে দানবাক্সে জায়গার সংকট তৈরি হয়।
জানা গেছে, মসজিদের দানবাক্স থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়।
কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ ভূমির ওপর তিন তলা বিশিষ্ট এই মসজিদটি গড়ে উঠেছে বহু বছর আগে।
জনশ্রুতি রয়েছে, বীর যোদ্ধা ঈসা খাঁর বংশধর জিলকদর খান নামের এক আধ্যাত্মিক পাগল সাধকের বসবাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝপথে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে। মুসলিম-হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। ওই পাগল সাধকের মৃত্যুর পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী।
কিন্তু ওই সাধকের মৃত্যুর পর থেকে আশ্চর্যজনকভাবে সেখানে দেশের দূর-দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে। মানত কিংবা দান খয়রাত করলে মনের বাসনা পূরণ হয়-এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম-বর্ণের নারী-পুরুষ মানত নিয়ে আসেন এই মসজিদে। এ ইতিহাস প্রায় আড়াইশ বছরেরও অধিক সময়ের বলে জানা যায়।
জানা গেছে, পাগলা মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে মুসলমান ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ মসজিদে দান করে থাকেন। আর এজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দান করতে ছুটে আসেন। শুধু টাকা-পয়সা না, এখানে টাকার পাশাপাশি সোনা-রুপার অলঙ্কারসহ বিদেশি মুদ্রাও দান করে থাকেন। প্রতিদিন বিপুলসংখ্যক গবাদিপশু, হাঁস-মুরগি, ফলফলাদি, মোমবাতি ও ধর্মীয় বই দান করে লোকজন। মজার বিষয় হচ্ছে, দানবক্স খুললে চিঠিপত্রও পাওয়া যায়। সেসব চিঠিতে দানকারীরা নিজেদের মনের বাসনার কথা লিখে দেন।
আরও পড়ুন: পাগলা মসজিদের কে সেই ‘পাগলা সাহেব’







