, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেলো বিএনপির এমপির প্রতিষ্ঠান


চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি)
রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২৩ নভেম্বর, ২০২৬ ৯:১৮ : অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাসের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন।

আজ সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়। গত ২২ নভেম্বর বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছিল।

এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড এতোদিন বন্দরের জেনারেল কার্গো বার্থের অপারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।

জানা গেছে, চিটাগাং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য চারটি প্রতিষ্ঠান দরপত্র (টেন্ডার) জমা দিয়েছিল। গত ১৭ নভেম্বর দরপত্র (টেন্ডার) প্রকাশ করা হয়। ১৮ নভেম্বর টেন্ডার কেনা ও ১৯ নভেম্বর টেন্ডার জমার সময় দেওয়া হয়। এর মধ্যে এভারেস্ট পোর্ট সার্ভিসেস ৩০ কোটি ১৫ লাখ টাকা, বি অ্যান্ড এম-ওশেনিয়া জেভি ৪০ কোটি ৪০ লাখ টাকা, শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড ৪২ কোটি ৭১ লাখ টাকা এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৪৪ কোটি ১৮ লাখ টাকার দর প্রস্তাব করে। সে হিসাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন দরদাতার মধ্যে ব্যবধান প্রায় ১৪ কোটি ৩ লাখ টাকা।

 

এদিকে মাত্র দুই দিনের মধ্যে দরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করায় বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন উঠেছে। তারা বলছেন, দরপত্র আহ্বান ও জমার জন্য সময় কম দেওয়ায় আগ্রহী অনেক প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেওয়ারই সুযোগ পায়নি।

শিপ হ্যান্ডলিং অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী বলেন, সিসিটি পরিচালনায় আগ্রহ জানিয়ে তারা একাধিকবার বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। কিন্তু দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

চট্টগ্রাম বন্দরের সিসিটি প্রতিযোগিতামূলক দরপত্র পদ্ধতিতে গত ছয় বছর ধরে পরিচালনা করে আসছিল দেশি বেসরকারি কোম্পানি সাইফ পাওয়ার টেক। গত ২ নভেম্বর তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় পরের তিন সপ্তাহ সাইফ পাওয়ার টেককে কাজ চালিয়ে যেতে বলে বন্দর কর্তৃপক্ষ।

এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা যথাযথ নিয়মে দরপত্রে অংশগ্রহণ করি। দরপত্রে আমরাই সর্বনিম্ন দর দিয়েছিলাম। পাশাপাশি বন্দরের কার্যক্রমে আমাদের অভিজ্ঞতা আছে। ৪০ বছর ধরে বন্দরের বিভিন্ন কাজে আমরা সম্পৃক্ত। আশা করি সুনাম অক্ষুণ্ন রেখে আমরা কাজ চালিয়ে যেতে পারবো।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

Rajniti Sangbad


আরও খবর