চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় টার্মিনালটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে এ চুক্তি সই হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম।
এর আগে গত ১ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তির অনুমোদন দেয়। এনসিটি পরিচালনার বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে সরকারের আলোচনা শুরু হয় ২০১৯ সালে। পরে সৌদি আরব, দুবাই ও দেশীয় একটি প্রতিষ্ঠানও এনসিটি পরিচালনার প্রস্তাব দেয়।
চট্টগ্রাম বন্দরের চারটি প্রধান কনটেইনার টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। গত অর্থবছরে এই টার্মিনালের মাধ্যমে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে, যা বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।
বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেডের মাধ্যমে এনসিটি পরিচালিত হচ্ছে। বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি টার্মিনাল পরিচালনা করবে। চট্টগ্রাম বন্দরের অন্য তিনটি টার্মিনালের মধ্যে জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশীয় অপারেটররা পরিচালনা করছে। আর পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)।
প্রসঙ্গত, আশপাশের দেশের তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে সময় বেশি লাগায় নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। এ বাস্তবতায় বন্দরে গতি ফেরাতে অন্তর্বর্তী সরকারের সময় এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
