, | |

মূলপাতা আইন-আদালত

সমালোচনার মুখে জিয়াউল আহসানের হাতে পরানো হলো হাতকড়া


সমালোচনার মুখে আজ হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০২৬ ১২:৫২ : অপরাহ্ণ

সমালোচনার মুখে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের হাতে পরানো হয়েছে হাতকড়া। হাত পেছনে নিয়ে হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়েছে। এ সময় তার মাথায় হেলমেটও ছিল।

আজ সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ১০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে বেলা ১২টা ১ মিনিটে হাজির করা হয় জিয়াউল আহসানকে।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এর আগে গত ১২ নভেম্বর জিয়াউল আহসান ট্রাইব্যুনালে আসেন অনেকটা নায়কের বেশে! তার হাতে ছিল না হাতকড়া, ছিল দামি ঘড়ি। চোখে ছিল কালো সানগ্লাস।

এ সময় জিয়াউল আহসান ট্রাইব্যুনালে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, জয় আমাদের হবেই, কেউ ঠেকাতে পারবে না।

সেদিন কারাগার থেকে জিয়াউল আহসানকে প্রিজনভ্যানে তোলার সময় তার বোন আইনজীবী নাজনীন নাহার তার মোবাইলে দায়িত্বরত পুলিশ সদস্যদের ভিডিও ধারণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের হুঁশিয়ার করে বলেন, রাস্তায় যেন কোনো গণ্ডগোল না হয়। আমি সবার চেহারা দেখে রাখতেছি। আমি কিন্তু পারসোনালি এটার ইয়ে (হুমকি) নিবো।

জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ফেসবুকে পোস্ট দিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকে সরকারের কড়া সমালোচনা করেন। এ ঘটনায় গতকাল রোববা জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

তিনি বলেন, জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে নেওয়ার ছবি ও ভিডিও দেখে মনে হয়েছে, তিনি আনন্দ ভ্রমণে বের হয়েছেন এবং পুলিশ তাকে প্রটোকল দিচ্ছে।

গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা প্রশ্ন রাখেন, সরকার কি জিয়াউল আহসানকে নিয়ন্ত্রণ করতে পারছে না নাকি বিশেষ মানবিকতা দেখানো হচ্ছে?

গত ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, শতাধিক গুম-খুনের খলনায়ক আলোচিত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে ভারত ও বাংলাদেশজুড়ে সক্রিয় ছিল একটি ‘কিলিং নেটওয়ার্ক’।

চিফ প্রসিকিউটর বলেন, বিডিআরের বিভিন্ন সদস্যদের ধরে এনে দুটি পদ্ধতিতে হত্যা করেছেন জিয়াউল আহসান। এর মধ্যে কাউকে ইনজেকশন পুশ করে, আবার কাউকে মাথায় গুলি করে হত্যার পর নদীতে ফেলে দিতেন। এই দুই প্রক্রিয়ায় প্রায় ১০ থেকে ১২ জন বিডিআর সদস্যকে তিনি হত্যা করেছেন বলে সাক্ষী জানিয়েছেন।

 

গত ২ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের জেলে আব্বাস মল্লিক। সেদিন জবানবন্দিতে তিনি বলেছিলেন, বন্দিদের পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দিতেন জিয়াউল আহসান।

আরও পড়ুন: বন্দিদের পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দিতেন জিয়াউল আহসান

Rajniti Sangbad


আরও খবর