গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল ও রাতে উপজেলার বর্ণি ও কুশলী ইউনিয়নের নিলফা বাজারে এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বর্ণি বাজার এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা বলেন, খালেক বাজারে কয়েকটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও বর্ণি বাজারে যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় তাদের দু-তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব তাণ্ডব চালিয়েছেন।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, টুঙ্গিপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা তিনি জানতে পেরেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট থানার ওসিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্তে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







