বরখাস্তকৃত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন ভিন্ন রূপে। তার হাতে ছিল না হাতকড়া। চোখে ছিল কালো সানগ্লাস, হাতে ছিল দামি ঘড়ি। অনেকটা বীরের বেশে আদালতে হাজির হয়েছেন শতাধিক গুম-খুনের এই খলনায়ক।
বিস্ময়কর বিষয় হলো, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিতর্কিত সাবেক এই সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালের এজলাসে উঠার সময় সাংবাদিকদের উদ্দেশে হুংকার দিয়ে বলেছেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না’।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামানোর সময় জিয়াউল আহসানের হাতে হাতকড়া পরাতে যান দায়িত্বরত এক পুলিশ সদস্য। তবে এতে অপারগতা প্রকাশ করেন তিনি।
পুলিশ সদস্যকে উদ্দেশ করে জিয়াউল আহসান বলেন, ‘আমি এসব পরবো না। কোন আইনে আছে?’
এ নিয়ে প্রিজনভ্যানের ভেতরে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। কয়েক মিনিট পর হাতকড়া ছাড়াই তাকে নামান পুলিশ সদস্যরা। পরে তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। দুপুর ২টার দিকে জিয়াউলকে ট্রাইব্যুনাল-২ এর এজলাসে তোলা হয়।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি করবে প্রসিকিউশন।
এ মামলায় আরও ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন–জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রুপা।
এ মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ মামলায় দুটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা আনা হয়। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞের ঘটনা আনা হয়েছে।
আরও পড়ুন:
জিয়াউল আহসানের ভয়ংকর নিষ্ঠুরতার বর্ণনা দিলেন সেনা কর্মকর্তা
বন্দিদের পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দিতেন জিয়াউল আহসান
