, | |

মূলপাতা চট্ট-মেট্টো

আওয়ামী লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগ, সেই এসপি গ্রেপ্তার


এসপি জাহাংগীর আলম।
রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৫ নভেম্বর, ২০২৬ ১০:২২ : পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের পর গতকাল শনিবার দিবাগত রাতে তাকে সিএমপি অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করে পুলিশ। স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী।

চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত ১০ নভেম্বর এসপি জাহাংগীর আলমকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। সেদিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

পুলিশের অভিযোগ, জাহাংগীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। এ ছাড়া দলটির নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এজাহারের বরাত দিয়ে সিএমপির এক পুলিশ কর্মকর্তা জানান, জাহাংগীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণের মাঠে নামার বিষয়ে উল্লেখ ছিল। বার্তায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার প্রসঙ্গও তুলে ধরা হয়।

তবে ওই বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, জাহাংগীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি চট্টগ্রামে আরআরএফ’র ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের সঙ্গে ‘যোগসাজশ’, চট্টগ্রামের পুলিশ কর্মকর্তার মোবাইল ফোন জব্দ

Rajniti Sangbad


আরও খবর