, | |

মূলপাতা দেশজুড়ে

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ


গতকাল শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৫ নভেম্বর, ২০২৬ ৮:০১ : পূর্বাহ্ণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল ও রাতে উপজেলার বর্ণি ও কুশলী ইউনিয়নের নিলফা বাজারে এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বর্ণি বাজার এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা বলেন, খালেক বাজারে কয়েকটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও বর্ণি বাজারে যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় তাদের দু-তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব তাণ্ডব চালিয়েছেন।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, টুঙ্গিপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা তিনি জানতে পেরেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট থানার ওসিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্তে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: শেখ হাসিনার সময় শেষ হয়ে গেছে: ড্যান মজিনা

Rajniti Sangbad


আরও খবর