ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনায় আহত হয়েছেন শাহীন খান্দকার (৩০), জসিম (২৬) ও শাহাদাত হোসেন (৪০)। তাদের মধ্যে শাহীন এনাম মেডিকেল কলেজের কর্মী। জসিম একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শাহাদাত হোসেন সাভারের মুক্তির মোড় এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা সমাবেশস্থলে আতঙ্ক সৃষ্টি করে। বিস্ফোরণের সময় মঞ্চে দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।
ঘটনার পর বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হামলাকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে বলেন, এটি পূর্বপরিকল্পিতভাবে তাঁদের হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে। তবে এ ধরনের হামলায় তাঁরা ভীত নন এবং জুলাই পদযাত্রা কর্মসূচি অব্যাহত থাকবে।
ঘটনার কিছুক্ষণ পর নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাভার থানার সামনে যান। এ সময় থানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে নাহিদ ইসলাম, সারজিস আলম ও আখতার হোসেন থানার ভেতরে প্রবেশ করেন।
সাভার থানা পুলিশ ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে রোববার সাভারে পদযাত্রা ও সমাবেশের মধ্যদিয়ে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি শুরু করেছে দলটি। আজ বিকেলে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়। সেখানে অনুষ্ঠান শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাভারে আসেন। পদযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ। এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান প্রমুখ।
আরও পড়ুন: ফেসবুকে কোরআনের আয়াত পোস্ট করে কী বার্তা দিলো জামায়াত?
