, | |

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

সন্ত্রাসী শায়েস্তা করতে জানি, ছাত্রদলকে নাসীরুদ্দীন পাটওয়ারী


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ৬ জুন ২০২৬, ৮:২১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। সেই ভাঙা মঞ্চে দাঁড়িয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ছাত্রদলের উদ্দেশে বলেছেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করার পদ্ধতি আমরা জানি।’

আজ শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

কিন্তু অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে মঞ্চে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন এনসিপি নেতাকর্মী আহত হন।

এনসিপি নেতাদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদের নেতৃত্বে তার অনুসারীরা এ হামলা চালায়। আগের রাতেও অনুষ্ঠানস্থলে একই লোকজন হামলা করে প্যাণ্ডেল ছিঁড়ে ফেলে।

হামলার বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

হামলার ব্যাপারে জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, গতরাত থেকেই এখানে পুলিশ মোতায়েন ছিল। তারপরও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। পুলিশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।

হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে সেখানে আসেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ সময় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে এই এনসিপি নেতা বলেন, ‘আমাদের আর কোনো নেতাকর্মীর উপর যদি আপনারা হামলা করেন, তাহলে আমরাও আপনাদের সঙ্গে রাজনৈতিকভাবে মিলেমিশে থাকার চুক্তি থেকে বেরিয়ে পড়বো। আমরা আমাদের পদ্ধতি জানি, কীভাবে সন্ত্রাসীদেরকে শায়েস্তা করতে হয়।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গণঅভ্যুত্থানের আগে ও পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে, রক্তের উপর দিয়ে হলেও বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করে ছাড়বো। রক্তের উপর দিয়ে হলেও আওয়ামী লীগের বিচার করে ছাড়বো।’

এই এনসিপি নেতা বলেন, ‘আমাকে অনেকে জানের ঝুঁকি আছে বলেছেন, এখানে আসতে নিষেধ করেছেন। আমার সহযোদ্ধারা আহত হবে আর আমি ঘরে চুড়ি পরে বসে থাকব, এটা হবে না।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা হাসিনার মত গুণ্ডাপাণ্ডাকে ঠান্ডা করে আসছি, নতুন কোনো গুণ্ডাপাণ্ডাকে ভয় পাই না। আপনি শয়তানি কাজ করলে, আমরা শয়তানের বিরুদ্ধে আছি। আমরা শয়তানকে বাংলাদেশে রাখতে চাই না।’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীর জামিনে মুক্তি পাওয়া প্রসঙ্গে এই এনসিপি নেতা বলেন, ‘নির্বাচনের আগে কথা ছিল, আওয়ামী লীগের বিচার হবে। ইলেকশনের পর বিএনপি সরকার পল্টি মেরেছে।’

আরও পড়ুন: মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর