প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসার মাত্র দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’-এ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন তারেক রহমান।
আজ বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। সেই তালিকায় তারেক রহমান স্থান পেয়েছেন ৬৭ নম্বরে।
সাম্প্রতিক রাজনৈতিক উত্থান, দীর্ঘ নির্বাসন শেষে প্রত্যাবর্তন ও জাতীয় নেতৃত্বে তার ভূমিকার কারণে এই স্বীকৃতি এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ম্যাগাজিনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল।
টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগেও লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন ৫৭ বছর বয়সী তারেক রহমান। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আনে। সেই প্রেক্ষাপটে বিরোধী আন্দোলনের মুখ থেকে তিনি দ্রুত জাতীয় নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন।
এরই ধারাবাহিকতায় প্রায় ১৭ বছর দেশের বাইরে থাকার পর দেশে ফিরে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করেন তারেক রহমান। এই বিজয়ের মাধ্যমে তিনি তাঁর মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার অনুসরণ করেন। তবে দেশে ফেরার মাত্র পাঁচ দিন পরই খালেদা জিয়ার মৃত্যু তাঁকে ব্যক্তিগতভাবে গভীর শোকের মধ্যে ফেলে।
টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে দেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করতে চান। প্রায় ১৭৫ মিলিয়ন মানুষের এই দেশে উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব ও আঞ্চলিক শক্তি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি-এসব চ্যালেঞ্জ দ্রুত সমাধানের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে অতীতের দুর্নীতির অভিযোগ (যেগুলো পরে আদালতে খারিজ হয়েছে) তার নেতৃত্বের শুরুটা কিছুটা কঠিন করে তুলতে পারে বলেও বিশ্লেষণে উঠে এসেছে। তবু দীর্ঘ সময় রাজনৈতিক অঙ্গন থেকে দূরে থাকার পর তিনি আর সময় নষ্ট করতে চান না বলে জানান।
তারেক রহমান বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে-যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে।’
আরও পড়ুন: নিজেরাই সর্বনাশ ডেকে এনেছিলাম, টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে স্পিকার
