বেলায়েত হেসেন বুলু ও জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে নতুন মাত্রা পেয়েছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। সম্প্রতি মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির নেতাদের নিয়ে দুটি সাংগঠনিক সভা করে ‘ব্যতিক্রমী দৃষ্টান্ত’ স্থাপন করেছেন সংগঠনটির আহ্বায়ক বেলায়েত হেসেন বুলু ও সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ। দায়িত্ব পাওয়ার মাত্র এক বছরের মধ্যে মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি গঠনের পর সাংগঠনিক সভা করে সংগঠনে নতুন মাত্রা এনেছেন তারা।
গত ৪ এপ্রিল নগরীর কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে মহানগর স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী কমিটির ৩১ সদস্য ও ১৫ থানা কমিটির শীর্ষ নেতাদের নিয়ে সাংগঠনিক সভা করেন বেলায়েত হেসেন বুলু ও জমির উদ্দিন নাহিদ।

এরপর গত ১২ এপ্রিল ওয়ার্ড কমিটির নেতাদের নিয়ে সাংগঠনিক সভা করেন তারা। এই দুই সাংগঠনিক সভায় নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব।

জানা গেছে, মহানগর স্বেচ্ছাসেববক দলের আহ্বায়ক বেলায়েত হেসেন বুলু ও সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সংগঠনকে গতিশীল করতে নিজ উদ্যোগে এই সাংগঠনিক সভা করেছেন। এই সভার আয়োজন করতে কেন্দ্রের কোনো নির্দেশনা ছিল না। ঢাকা মহানগর ও দেশের কোনো জেলা-মহানগরে স্বেচ্ছাসেবক দলের এমন সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়নি। চট্টগ্রাম নগরীতেও অতীতে যুবদল ও ছাত্রদলের মহানগর কমিটি এমন সাংগঠনিক সভার আয়োজন করতে পারেনি। বেলায়েত হেসেন বুলু ও জমির উদ্দিন নাহিদ মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মহানগর থেকে শুরু করে থানা-ওয়ার্ডের নেতাদের নিয়ে সাংগঠনিক সভা আয়োজন করেছেন। সাংগঠনিক সভার পর স্বেচ্ছাসেবক দলের মহানগর, থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।
জানতে চাইলে মহানগর স্বেচ্ছাসেববক দলের আহ্বায়ক বেলায়েত হেসেন বুলু রাজনীতি সংবাদকে বলেন, ‘সংগঠনকে গতিশীল ও তৃণমূলকে শক্তিশালী করতে আমরা এই সাংগঠনিক সভার আয়োজন করেছি। দুটি সাংগঠনিক সভায় মহানগর, থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা বিভিন্ন অভিযোগ ও সাংগঠনিক সমস্যার কথা বলেছেন। আমরা এখন এসব অভিযোগ ও সমস্যা সমাধানে কাজ করবো। এতে সংগঠন আরও সুসংগঠিত হবে।’
মহানগর স্বেচ্ছাসেববক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ রাজনীতি সংবাদকে বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর আমরা সংগঠনকে ভিন্নভাবে সাজানোর চিন্তা করেছিলাম। সে লক্ষে এখন আমরা সাংগঠনিক সভা করেছি। তবে এসব সাংগঠনিক সভা আমরা কেন্দ্রের নির্দেশে নয়, নিজ উদ্যোগে করেছি। দেশের কোনো জেলা-মহানগরে স্বেচ্ছাসেবক দলের এমন সাংগঠনিক সভা হয়নি। এমনকি চট্টগ্রাম নগরীতেও অতীতে যুবদল ও ছাত্রদলের মহানগর কমিটি এমন সাংগঠনিক সভার আয়োজন করতে পারেনি। আমরাই এমন ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছি।’
গত বছরের ৭ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে সাবেক দুই ছাত্রনেতা বেলায়েত হেসেন বুলুকে আহ্বায়ক ও জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে চার মাসের মাথায় চমক দেখান বুলু-জমির। একযোগে মহানগর ও ১৫ থানায় পূর্ণাঙ্গ কমিটি এবং ১২টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করেন তারা। পরে আরও ৩৫টি সাংগঠনিক ওয়ার্ডে কমিটি গঠন করেন তারা। দায়িত্ব নেওয়ার পর দ্রুত সময়ে মহানগর, থানা ও ওয়ার্ডের কমিটি ঘোষণা করায় নেতাকর্মীরা বুলু-জমিরের নেতৃত্বের প্রশংসা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামের বিএনপির ১৪ প্রার্থীকে কাউন্সিলর ঘোষণা না করায় হাইকোর্টের রুল
