আগামী ৪ এপ্রিল দেশের শতবর্ষী চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। চেম্বারের ২৪টি পরিচালক পদের মধ্যে ১৮টি পদে ভোট হবে। কিন্তু টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ৬টি পরিচালক পদ নিয়ে কী হবে তা স্পষ্ট করেনি চেম্বারের নির্বাচন বোর্ড। এ নিয়ে চেম্বারের ভোটারদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
গতকাল বুধবার (৪ মার্চ) চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ এপ্রিল নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৮টি পরিচালক পদে ভোটগ্রহণ করা হবে বলে জানানো হয়।
টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ৬টি পরিচালক পদ নিয়ে কী হবে জানতে চাইলে চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম রাজনীতি সংবাদকে বলেন, ‘টাউন-ট্রেডের ছয়টি পদ নিয়ে কী হবে সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আগে আমরা ১৮টি পদে নির্বাচন করবো। এরপর ১৮টি নাকি ২৪টি পদে ফলাফল ঘোষণা হবে সেটা তখন পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেবো।’
প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত ১১ ডিসেম্বর হাইকোর্ট রিট পিটিশন খারিজ করে দেন। ফল নির্বাচন করতে বাধা নেই। হাইকোর্টের সেই আদেশের ভিত্তিতেই আমরা নির্বাচন করতে যাচ্ছি। এখন রিটকারী যদি আবার আপিল করে থাকে এবং টাউন-ট্রেডের ৬টি পদে যদি ফলাফল ঘোষণা না করার জন্য হাকোর্ট থেকে কোনো নির্দেশনা আসে তখন আমরা সে আলোকে সিদ্ধান্ত নেবো।’
দীর্ঘ ১১ বছর পর গত ১ নভেম্বর চিটাগাং চেম্বারের ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটের দুই দিন আগে নির্বাচন আটকে যায়। চিটাগাং চেম্বারের টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের অংশগ্রহণ সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চেম্বারের নির্বাচন স্থগিতের আদেশ দেয়। গত ১১ ডিসেম্বর এই রিট পিটিশন খারিজ করে দেয় হাইকোর্ট। এরপর রিটকারী চিটাগাং চেম্বারের অর্ডিনারি মেম্বার বেলাল আবার আপিল বিভাগে লিভ টু আপিল করেছে। তবে এই রিটের এখনো শুনানি হয়নি, এটি এখন কার্যতালিকায় আছে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সে নির্বাচনে ‘ঐক্য পরিষদ’ নামের প্যানেলটি বিজয়ী হয়ে নেতৃত্বের আসনে বসতে পারেনি। নির্বাচনের পরদিন ২৯ ডিসেম্বর সুপ্রীম কোর্টের আপিল বিভাগ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনের ওপর স্থিতাবস্থা জারি করে। এর ফলে নির্বাচন বোর্ড আর ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারেনি। এখনো সেই স্থিতাবস্থা বজায় রয়েছে।
চেম্বার ব্যবসায়ীদের অনেকে আশঙ্কা করছেন, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের মতো চিটাগাং চেম্বার নির্বাচনেরও একই পরিণতি হতে পারে। কারণ এই নির্বাচন দুই প্যানেলের জন্য প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কেউ কারও কাছে হার মানতে রাজি নয়।
চেম্বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’ ও ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ নামের দুটি প্যানেল। ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’ নামের প্যানেলের উপদেষ্টা হলেন আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছোট ভাই। এই প্যানেলের লিডার হলেন চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হক। অপরদিকে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ নামের অপর প্যানেলের লিডার হলেন এস এম নুরুল হক। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হকের ছোট ভাই।
১৮টি পদে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী রাজনীতি সংবাদকে বলেন, ‘টাউন-ট্রেড নিয়ে তারা আপিল করলেও আপিল বিভাগ থেকে তো এখনো কোনো আদেশ আসেনি। ফলে ২৪টি পদের ফলাফল ঘোষণা হবে। এখন আপিল বিভাগ থেকে যদি কোনো আদেশ আসে তা তো আমাদের মানতে হবে।’
জানতে চাইলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের লিডার এস এম নুরুল হক রাজনীতি সংবাদকে বলেন, ‘নির্বাচন বোর্ডের বিজ্ঞপ্তিতে ১৮টি পদে ভোটগ্রহণের কথা বলা হয়েছে। এখন ১৮টি নাকি ২৪টি পদে ফলাফল ঘোষণা হবে তা আমরা জানি না।’
চিটাগাং চেম্বারের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অনুযায়ী, চিটাগাং চেম্বারের ২৪টি পরিচালক পদে নির্বাচনের বিধান রয়েছে। এর মধ্যে অর্ডিনারি থেকে ১২ জন, অ্যাসোসিয়েট থেকে ৬ জন, টাউন অ্যাসোসিয়েশন থেকে ৩ জন এবং ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে ৩ জন পরিচালক নির্বাচিত হবে। কিন্তু নির্বাচন হয় ১৮টি পরিচালক পদে। টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ৬টি পরিচালক পদে ভোট হয় না। দুটি গ্রুপের ৬ পরিচালক বিনাভোটে নির্বাচিত হয়।
চিটাগাং চেম্বারের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অনুযায়ী, ২৪ জন পরিচালকের ভোটাভুটিতে পরিচালনা পর্ষদের প্রেসিডিয়াম নির্বাচন অর্থাৎ সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবে। এই তিনটা পদে অর্ডিনারি থেকে একজন, অ্যাসোসিয়েট থেকে একজন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে একজন পরিচালক নির্বাচিত হবে। ফলে ১৮টি পরিচালক পদে নির্বাচন হলেও টাউন-ট্রেডের ৬টি পদ ছাড়া প্রেসিডিয়াম গঠন করা যাবে না।
ভোটের আগে ২৪টি পরিচালক পদের মধ্যে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ৬টি পদ বাগিয়ে নিয়েছে ইউনাইটেড বিজনেস ফোরাম। এখন নির্বাচনে ৭টি পদ পেলে চেম্বারের নেতৃত্বে আসবে ইউনাইটেড বিজনেস ফোরাম। কিন্তু নুরুল হকের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে চেম্বারের নেতৃত্বে আসতে হলে ১৮টি পদের মধ্যে ১৩টিতে বিজয়ী হতে হবে।
উল্লেখ্য, চিটাগাং চেম্বারের সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল ২০১৩ সালের ৩০ মার্চ। ওই নির্বাচনে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম পরিষদ জয়লাভ করে। তাদের প্রতিদ্বন্দ্বী ছিলো মোরশেদ মুরাদ ইব্রাহীম-আবদুস সালাম ঐক্য পরিষদ। নির্বাচনে মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম পরিষদ থেকে ২০ জন এবং মোরশেদ-সালাম পরিষদ থেকে মাত্র চারজন পরিচালক নির্বাচিত হন। এর পরের পাঁচ মেয়াদের নির্বাচনে কোনো ভোটাভুটি হয়নি। বিনাভোটে চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে। দীর্ঘ ১১ বছর পর এবার চিটাগাং চেম্বারের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরও পড়ুন: ডা. শাহাদাত এখন কীভাবে মেয়র পদে আছেন?
