, | |

মূলপাতা চট্ট-মেট্টো

আইআইইউসি এখন বাংলাদেশের সেরা ইসলামী বিশ্ববিদ্যালয়


সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৪ মার্চ, ২০২৬ ৯:০৪ : অপরাহ্ণ

বাংলাদেশের ছয়টি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন প্রথম অবস্থানে রয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। এ ছাড়া বিশ্বের ২৮টি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইআইইউসি অবস্থান এখন ১৪তম। স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিংয়ে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইআইইউসির অবস্থান তৃতীয়।

আজ বুধবার সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন আইআইইউসির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। নগরীর লালখান বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী জানান, আইআইইউসির ৬টি অনুষদের অধীনে ১৫টি বিভাগ রয়েছে। ৩৪৫ জন সার্বক্ষণিক শিক্ষকসহ সাড়ে চার শতাধিক শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিচ্ছেন। পিএইচডি ডিগ্রীধারী শিক্ষক রয়েছেন ৮৪ জন । সমৃদ্ধ অবকাঠামো আইআইইউসির একটি উল্লেখযোগ্য দিক।

আইআইইউসির উপাচার্য জানান, ৫০ একর জমির উপর নিজস্ব ক্যাম্পাসে প্রায় সাড়ে ৬ লক্ষাধিক বর্গফুট জায়গায় ৪২টি ভবনে আইআইইউসির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পর্যাপ্ত অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, ইন্টারনেট ল্যাব, অসীম ইন্টারনেট সুবিধা, ২ হাজার ৩৬৪টি জার্নাল, ৩৫ হাজার ৫০০ ই-জার্নাল, ১ লাখ ৩ হাজার ৯৯৫টি বই এবং নান্দনিক স্থাপত্যশৈলীর লাইব্রেরি নিয়ে সমৃদ্ধ আমাদের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী-সংখ্যা প্রায় ১২ হাজার। এর মধ্যে নেপাল, শ্রীলংকা, চীন, সোমালিয়ার উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি ছাত্রও অধ্যয়ন করছে।

 

প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, উচ্চ শিক্ষায় ইচ্ছুক দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে বিশেষ ব্যবস্থা রয়েছে। এই বিষয়গুলো দেখার জন্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন নামে আলাদা একটি ডিভিশন রয়েছে। প্রতিবছর দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের ৭ কোটি টাকার বেশি আর্থিক সুবিধা এবং বৃত্তি দেওয়া হয়।

আইআইইউসির উপাচার্য বলেন, উচ্চশিক্ষায় গবেষণাকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। গবেষণা কাজকে বিশেষভাবে প্রমোট করার জন্য সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স (সিআরপি) নামে আলাদা একটি ডিভিশন রয়েছে।

প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, যার বার্ষিক বাজেট এক কোটি টাকার বেশি। আমরা এ পর্যন্ত বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে সফলভাবে ১৮টি ইন্টারন্যাশনাল একাডেমিক কনফারেন্সের আয়োজন করেছি। এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমেরিকা, কানাডা, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, নেপাল, তুরস্ক, ব্রুনাইসহ বিশ্বের স্বনামধন্য ২৬টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসান উল্লাহ, অফিস অব দ্য বোর্ড অব ট্রাস্টিজের পরিচালক মোহাম্মদ শফিউল আলম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রিন্সিপাল আমীরুজ্জামান, আনোয়ার সিদ্দিক চৌধুরী, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাসেম পিএসসি (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং ডিভিশনের পরিচালকরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইআইইউসির সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মোসতাক খন্দকার।

আরও পড়ুন: ডা. শাহাদাত এখন কীভাবে মেয়র পদে আছেন?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর