ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে। এই আকস্মিক হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনী প্রধানের সদর দপ্তর।
আজ সোমবার ফার্স নিউজ এজেন্সি থেকে প্রচারিত ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ওই শাসনের বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সরকারের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরও লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই হামলায় অত্যাধুনিক ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।’’
নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশিত ভিডিওটি কয়েক মিনিটের ছিল, যা প্রায় ৫ ঘণ্টা আগে সম্প্রচার করা হয়েছে। এরপর থেকে তার আর কোনো নতুন ভিডিও বা ছবি কোথাও প্রকাশিত হয়নি।
গত শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালানোর পর ইরান পাল্টা প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পর্যন্ত ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের দশ দফা হামলা চালিয়েছে ইরান।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
আরও পড়ুন: সৌদির বৃহৎ তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা
