ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা কেন্দ্রে ব্যালটে সিল ও রেজাল্ট শিটে ঘষামাজা করেছেন বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট।
জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে আজ রোববার ইসির সঙ্গে বৈঠক করেন ১১ দলীয় জোটের নেতারা। বৈঠকে এ অভিযোগ করেন তারা।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদসহ কমিশনের অন্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল গণনা ও প্রকাশে কারচুপির অভিযোগ তুলে ৩২টি আসনের ফলাফল পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট।
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, কালো টাকার ব্যবহারসহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। লক্ষ্য করা গেছে, কোনো কোনো কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তারা নিজে সিল মেরেছে। আবার ভোটগ্রহণে বাধা দেওয়া হয়েছে, ভীতি ছড়ানো হয়েছে। ভোট কাস্টিং কম হয়েছে।
এ জামায়াত নেতা বলেন, আমরা ১১ দল বারবার কমিশনকে বলেছি কিন্তু সন্তোষজনক পদক্ষেপ পাইনি। কিছু কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোট কাস্টিং হয়েছে। এখানে অতিরিক্ত ব্যালট ব্যবহার হয়েছে। সবমিলে নির্বাচন প্রক্রিয়া ভালো ছিল না। ভোট গণনার সময় এজেন্টদের ফোর্স করে বের করা হয়েছে। ভোটের রেজাল্ট শিট ঘষামাজা করা হয়েছে। ঢাকা-৬ আসনের এজেন্ট পরিবর্তন হয়েছে।
এদিকে ১১ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে।
১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসার প্রতিবাদ জানাতে আগামীকাল সোমবার বিকেলে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে ১১ দলীয় জোট।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এ কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে জামায়াত জোট
