, | |

মূলপাতা বিএনপি

জামায়াত আমীর ও নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান


আজ সন্ধ্যায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৩৪ : অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে হবু প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের আবাসিক কার্যালয় ও রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সার্কিট হাউস রোডে নাহিদ ইসলামের বাসায় যান। তারেক রহমান জামায়াত ও এনসিপির দুই শীর্ষ নেতার বাসায় পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সাক্ষাতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে।’

জামায়াতের আমীর লেখেন, ‘আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা, কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়।’

জাতীয় স্বার্থের বিষয়ে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন জানিয়ে ডা. শফিকুর রহমান লেখেন, ‘একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকবো। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু যেখানেই জবাবদিহিতার প্রয়োজন হবে, সেখানে আমরা সোচ্চার থাকবে।’

 

জামায়াত আমীর আরও লেখেন, ‘আমাদের উদ্দেশ্য সংঘাত নয় বরং সংশোধন; বাধা দেওয়া নয় বরং পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল ও হুমায়ুন কবির।

জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

অপরদিকে এনসিপি নেতাদের মধ্যে দলটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারা ২০৯টি আসনে জয়ী হয়েছে। জামায়াতে ইসলামী ও মিত্রদলগুলো ৭৭টি আসনে জয়ী হয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।

আরও পড়ুন: ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে জামায়াত জোট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর