ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে দিনা ইউনূস।
ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। দিনব্যাপী আজকে আমরা এ জন্মদিন উদ্যাপন করবো। এটার মাধ্যমে আমরা অতীতকে সম্পূর্ণ বর্জন করলাম। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজ সারাদেশে ঈদের মতোই একটা উৎসব চলছে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।’

দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যে সব দুঃস্বপ্নময় অতীত ছিলো, সেগুলো সম্পূর্ণরূপে আমরা ত্যাগ করেছি। আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।’
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘প্রার্থীর জন্য আমরা ভোট দিয়েছি, সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সারা বাংলাদেশ পাল্টে যাবে।’
১৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচন ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা গেছে। অনেকেই ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
আরও পড়ুন: ভোট উৎসব শুরু, ভোর থেকেই কেন্দ্রে ভোটারদের লাইন
