, | |

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার


কুমিল্লা–৪ আসনে ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা হারানো বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৭ : অপরাহ্ণ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিল হয়েছিল বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর। এবার তাকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল সোমবার রাতে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের হুমকি দিয়ে বলেন, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেবো।’

মঞ্জুরুল আহসান মুন্সীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং তুমুল সমালোচনা শুরু হয়।

ভোটারদের হুমকি দিয়ে মঞ্জুরুল আহসান মুন্সী আরও বলেন, ‘আমি কিন্তু কথা পরিষ্কার করে বলতেছি। মনে কইরেন না আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। আমার কথা রেকর্ড করে বলে দিতে পারেন। ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আমার কোনো অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমি যেন অপমানিত না হই। আমি যদি অপমানিত হই, সেই অপমানের প্রতিশোধ কিন্তু এভাবেই নেব। ঠিক আছে না? আপনারা আমাকে অপমানিত হইতে দেবেন? তাহলে ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন।’

 

মঞ্জুরুল আহসান মুন্সী গণমাধ্যমের কাছে দাবি করেছেন, ওসব ছিল ‘কথার কথা’।

তার কথায়, ‘বিষয়টি ছিল মূলত কথার কথা। আসলে যখন ওই উঠান বৈঠক হয়, তখন প্রায় রাত দুইটা বাজে। আমি খুবই টায়ার্ড ছিলাম। কারণ, সকাল ৯টায় বের হয়েছি। সারাদিন ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনি সভা ও উঠান বৈঠক করেছি। আমি অনেক ক্লান্ত ছিলাম। এমন সময়ে কথার কথা বলতে গিয়ে আমার নেতাকর্মীদের কথাটি বলেছি। এর বাইরে কিছু নয়।’

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, ‘ওনার (মুঞ্জুরুল আহসান) এমন মন্তব্যে আমরা বিব্রত। এই বক্তব্য বা মন্তব্য একান্তই তার ব্যক্তিগত। এটির দায়ভার দল বহন করবে না। তার এই মন্তব্য দলীয় কোনো বক্তব্য নয়।’

আরও পড়ুন: এই ভোট ১৭ বছরের নীরবতার জবাব দেবে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর