সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার রাত ৯টা ১৮ মিনিটে প্রথমে হযরত শাহজালাল ও সাড়ে দশটার দিকে হযরত শাহপরান (রহ) এর মাজার জিয়ারত করেন তিনি। ওই সময় সড়কে অবস্থানরত বিএনপি নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এসময় অনেকে সিলেটি দামান ও দুলা ভাই বলেও স্লোগান দেন।

এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রাত ৮টার দিকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি একটি বিশেষ বাসে করে মাজারে পৌঁছান। মাজার জিয়ারত শেষে তারেক রহমান সেখানে টিলায় অবস্থিত মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন।
প্রায় দুই দশক পর সিলেটে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১১টায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
সিলেটে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একটি প্রতিনিধি দলের সদস্যরা রয়েছেন।
তারেক রহমানের সিলেট আগমনে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আলিয়া মাদ্রাসার মাঠে এরই মধ্যে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সিলেট ও সুনামগঞ্জ জেলার নেতা-কর্মীরা জনসভায় অংশ নিতে এবং তারেক রহমানকে একনজর দেখতে প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে এসেছেন।
জনসভা আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে আলিয়া মাদ্রাসার মাঠ। চারদিকে ব্যানার ও ফেস্টুনে উৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে। একই সঙ্গে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে সিলেট।
তারেক রহমান সিলেটের জনসভা শেষ করে দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে একটি সমাবেশে অংশ নেবেন তিনি।
আরও পড়ুন: বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
