, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে বিএনপির আসলামের প্রার্থিতা বহাল, বাতিল সারোয়ারের


আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীর।

রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ১৮ জানুয়ারি ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ

ঋণখেলাপি সংক্রান্ত আপিল শুনানিতে চট্টগ্রামের দুই আসনে বিএনপির দুই প্রার্থীর বিষয়ে বিপরীত সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখা হয়েছে। তবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পৃথক আপিল শুনানি শেষে এসব সিদ্ধান্ত দেয় কমিশন।

এর আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে তিনটি আপিল দায়ের করা হয়েছিল। ট্রাস্ট ব্যাংক, ব্যাক এশিয়া ও একই আসনের জামায়াতের প্রার্থী ইউসূফ সোহেল আপিল করেছিলেন। আপিল শুনানি শেষে আজ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকে বহাল রেখে রায় দেয় ইসি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আসলাম চৌধুরী ট্রাস্ট ব্যাংকের ঋণগ্রহীতা ছিলেন এবং অন্য দুটি ব্যাংকের ঋণের ক্ষেত্রে তিনি জামিনদার হিসেবে যুক্ত ছিলেন।

অন্যদিকে, সারোয়ার আলমগীরও রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে আপিল করা হয়েছিল। জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। ফলে ভোটে লড়তে চাইলে এখন তাকে হাইকোর্টে যেতে হবে।

এর আগে রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন এবং তাকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়।

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তি ও প্রতিষ্ঠানের করা আপিলের শুনানি ও নিষ্পত্তির জন্য ১০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশন ইলেক্টোরাল আপিল ট্রাইব্যুনাল হিসেবে কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন: চট্টগ্রামে আ.লীগ নেতা ও সন্ত্রাসীসহ ৩৩০ ব্যক্তিকে নিষেধাজ্ঞা, দেখে নিন তালিকা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর