, | |

মূলপাতা বিএনপি

দেশে নেমেই প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফোন, কী কথা হলো?


ঢাকা শাহজালাল বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে বসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২৫ ১:১১ : অপরাহ্ণ

দেশে নেমেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি ফোনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টাকে তিনি ধন্যবাদ জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার সঙ্গে কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন তারেক রহমান। তাতে ক্যাপশন লিখেন, ‘প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন’।

ভিডিওতে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনার শরীর কেমন আছে?…হ্যাঁ দোয়া করবেন।’

এরপর তারেক রহমান বলেন, ‘আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকমের আয়োজন করেছেন। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই… নিশ্চয়ই। শেষে সালাম দিয়ে ফোন রাখেন তারেক রহমান।’

 

এর আগে আজ বেলা ১১ টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এরপরই তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলের মালা পরিয়ে জামাতাকে বরণ করেন নেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।

এর আগে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে আজ সকাল ১০ টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। সেখান থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইটটি।

তারেক রহমানের সঙ্গে এসেছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

দেশের আকাশে ঢোকার পরপরই তারেক রহমান হাস্যোজ্জল ছবি দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লিখেন ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

পোস্টে নিজের ছবি ছাড়াও স্ত্রী জুবাইদা রহমানসহ আরেকটি ছবিও দিয়েছেন তিনি। সিলেটে অবতরণের পর তারেক রহমানের কন্যা জাইমা রহমানও পৃথক ছবি পোস্ট করেছেন। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ৭ই মার্চ গ্রেপ্তার হয়েছিলেন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারেক রহমান।

২০১২ সালে তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর থেকে তারেক রহমান দীর্ঘ সময় সেখানেই অবস্থান করছেন। এই সময়কালে দেশের বাইরে থেকেও তিনি বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওয়ান-ইলেভেন সরকার এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে শ’খানেক মামলা করা হয়েছিল। এর মধ্যে ৫টি মামলায় তার সাজাও হয়েছিল।

আরও পড়ুন: অপেক্ষার প্রহর শেষ, ঢাকায় তারেক রহমান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর