, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

ভোটার এলাকা বদল: আসিফ গেলেন উত্তরে, পাটওয়ারী দক্ষিণে, নেপথ্যে কী?


আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫০ : অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তন হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শাহবাগ এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ দক্ষিণ সিটির ভোটার থেকে উত্তর সিটির আফতাবনগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তন করার নেপথ্যে কী রয়েছে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল দেখা দিয়েছে।

আজ সোমবার এনসিপির গণমাধ্যমবিষয়ক উপকমিটি বিষয়টি নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের ভোটার। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। একইভাবে আসিফ মাহমুদেরও এলাকা পরিবর্তন হয়েছে। ভোটার তালিকায় এনসিপির শীর্ষপর্যায়ের এই দুই নেতার এলাকা পরিবর্তন রাজনৈতিক অঙ্গনে কৌতূহল দেখা দিয়েছে।

এনসিপি জানিয়েছে, নির্বাচন কমিশনের সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদের ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তাদের আবেদন অনুমোদন করেছে।

এনসিপি নেতাদের অনেকে মনে করছেন, দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারীরর ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি আগামী ঢাকা সিটির মেয়র নির্বাচনে তাদের প্রার্থী হওয়ার ইঙ্গিত বহন করছে।

এনসিপি সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণে পাটওয়ারী এবং উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করার বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা অনানুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরে আসিফ মাহমুদকে মেয়র নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। সে অনুযায়ী তারা ভোটার এলাকা পরিবর্তন করেছেন। সবকিছু অনুকূলে থাকলে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বিভিন্ন সময় ঢাকার পরবর্তী মেয়র নির্বাচনে এনসিপি থেকে আসিফ মাহমুদের প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা যায়। দেশের রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে বেশ জোরাল গুঞ্জন ছিল। যদিও এ নিয়ে এনসিপি বা আসিফের তরফ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা বার্তা আসেনি।

এনসিপি নেতারা মনে করছেন, আসিফ মাহমুদের রাজনৈতিক কর্মকাণ্ডে তরুণ ও জেন-জি ভোটারদের সম্পৃক্ততা তুলনামূলক বেশি। দলের অভ্যন্তরীণ জরিপেও ঢাকা মহানগর উত্তর এলাকায় তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ভালো বলে উঠে এসেছে।

অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক কর্মকাণ্ডের বড় একটি অংশ ঢাকা-৮ সংসদীয় আসনকেন্দ্রিক। সংসদ নির্বাচনে পরাজিত হলেও ঢাকা দক্ষিণে তার সাংগঠনিক ও রাজনৈতিক ভিত্তি আরও শক্ত হয়েছে বলে মনে করছেন এনসিপির নেতারা।

আরও পড়ুন: ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর