, | |

মূলপাতা জামায়াতে ইসলামী

জামায়াতে যোগ দিলেন বিএনপির বহিষ্কৃত মেজর আক্তারুজ্জামান


জামায়াতে যোগ দেওয়ার পর মেজর আক্তারুজ্জামানকে ফল দিয়ে বরণ করে নিচ্ছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২৫ ১:৩৩ : অপরাহ্ণ

জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান। আজ শনিবার সকালে তিনি জামায়াতের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেছেন।

এর আগে মেজর (অব.) আক্তারুজ্জামান রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

জানা গেছে, সাক্ষাৎকালে জামায়াত আমীরের উপস্থিতিতে মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।

মেজর (অব.) আখতারুজ্জামান ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতরুজ্জামান পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হন ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি। তবে নানা সময় সমসাময়িক ইস্যু নিয়ে টক শো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলে তিনি আলোচনায় ছিলেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.) আখতরুজ্জামান ২০১৮ সালের নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী ছিলেন। তিনি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান। এ ছাড়া তিনি এই আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তখন আসনটি কেবল কটিয়াদী উপজেলা নিয়েই ছিল।

আরও পড়ুন: হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, সন্ধান দিলে পুরস্কার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর