, | |

মূলপাতা জাতীয়

‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, নির্বাচনের পর পদত্যাগ করতে চান


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২৫ ১০:০২ : অপরাহ্ণ

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতির পদ ছাড়তে চান মো. সাহাবুদ্দিন। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি ‘অপমানবোধ’ করছেন বলে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

রাষ্ট্রপতি বলেন, আমি চলে যেতে আগ্রহী। আমি বেরিয়ে যেতে চাই। নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে। আমি এই পদটি (রাষ্ট্রপতি) ধরে আছি সাংবিধানিক কারণে।

সাহাবুদ্দিন বলেন, প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা তার সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎ করেননি। তার প্রেস ডিপার্টমেন্ট কেড়ে নেওয়া হয়েছে এবং গত সেপ্টেম্বরে বিভিন্ন দেশের দূতাবাস থেকে তার প্রতিকৃতি ছবি সরিয়ে ফেলা হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, সব কনস্যুলেট, দূতাবাস ও হাই কমিশনে রাষ্ট্রপতির ছবি ছিল। এগুলো হঠাৎ করে এক রাতের মধ্যে সরিয়ে ফেলা হয়। এতে মানুষের কাছে ভুল বার্তা যায়। মানুষজন ভাবতে পারে, রাষ্ট্রপতিকে হয়ত সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুব অপমানিত বোধ করেছি।

সাহাবুদ্দিন বলেন, ছবি সরিয়ে ফেলার বিষয়ে মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

রয়টার্স প্রতিবেদনে জানানো হয়, রাষ্ট্রপতির এমন মন্তব্যের বিষয়ে তারা ইউনূসের প্রেস অফিসের কাছে বক্তব্য জানতে চেয়েছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি।

উল্লেখ্য, ৭৬ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সাহাবুদ্দিন। পরে সামলেছেন পাবনা যুবলীগের সভাপতির দায়িত্ব। পেশায় আইনজীবী মো. সাহাবুদ্দিন ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডারে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। এরপর তিনি ২০১১ সাল থেকে ২০১৬ সাল দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২০ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন। আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর