, | |

মূলপাতা জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২৫ ৬:২৫ : অপরাহ্ণ

দীর্ঘ জল্পনা-কল্পনা ও আলোচনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদ নির্বাচন ও গণভোট আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হবে।

 

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা চলছিল। তফসিল ঘোষণার মাধ্যমে সবকিছুর অবসান হয়েছে এবং এখন নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করছে দেশ।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা-কালো এবং গণভোটের ব্যালট গোলাপি রঙের হবে। এ নির্বাচনে প্রবাসীরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ভোট দেওয়ার জন্য তিন লাখের বেশি প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করলো ইসি।

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটে অনুষ্ঠিত হতে যাওয়ায় এবার ইসিকে বাড়তি অনেক ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ৭ জানুয়ারি। তবে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত একতরফা এই সংসদ নির্বাচন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

আরও পড়ুন: পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর