, | |

মূলপাতা আইন-আদালত

নিউমুরিং টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে হাইকোর্টের বিভক্ত রায়


চট্টগ্রাম বন্দর
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৪ ডিসেম্বর, ২০২৫ ৮:২২ : অপরাহ্ণ

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তি প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেছেন। আর বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার চুক্তি প্রক্রিয়া বৈধ ঘোষণা করেছেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ পৃথক পৃথকভাবে এ রায় ঘোষণা করেন।

দুই বিচারপতির দ্বিধাবিভক্ত রায়ের ফলে এখন নিয়মানুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করে দেবেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, ব্যারিস্টার আনোয়ার হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

 

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিটটি করেন। রিটে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।

হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক সাংবাদিকদের বলেন, ‘এই রায়ের ফলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি যে প্রক্রিয়া চলমান রয়েছে এটি চলতে কোন আইনি বাধা নেই।’

তবে রিটের পক্ষে জেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, ‘এই রায়ের ফলে সংযুক্ত আরব আমিরাত-কেন্দ্রিক ডিপি ওয়ার্ল্ডের সাথে নিউমুরিং পোর্টের কন্টেইনার হ্যান্ডলিংয়ের যে চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে, সরকার এটি নিয়ে এগোতে পারবে না। এই রিটের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।’

তিনি বলেন, এখন এই রিটটি নিষ্পত্তি করতে প্রধান বিচারপতি একটি বৃহৎ বেঞ্চ গঠন করবেন। সেখানে এই রিট নিষ্পত্তির ওপর নির্ভর করছে এই চুক্তির প্রক্রিয়া চলমান থাকবে কি না।

এর আগে গত ২৫ নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়। একইসঙ্গে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়।

গত ৩০ জুলাই চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট।

বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। একইসঙ্গে যেকোনো অপারেটরকে এনসিটি পরিচালনার দায়িত্ব (নিযুক্ত) দেওয়ার আগে সংশ্লিষ্ট আইন ও নীতি অনুসারে ন্যায্য ও প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং (দরপত্র আহ্বান) নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।

আরও পড়ুন: চিটাগাং চেম্বার নির্বাচন নিয়ে দুই ব্যবসায়ী নেতার ‘প্রেস্টিজ ইস্যু’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর