, | |

মূলপাতা বিএনপি

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় এলেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৩ : পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। ডা. রিচার্ড বিলি নামে ওই চিকিৎসক আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি হাসপাতালের চতুর্থ তলায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেন, যেখানে খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন।

এভারকেয়ার হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যের এ বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য বাংলাদেশে এসেছেন। স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

হাসপাতালের কর্মকর্তারা জানান, চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ সন্ধ্যার পরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, বিদেশি বিশেষজ্ঞরা আসায় খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি হবে আশা করা হচ্ছে।

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকজন বিশেষজ্ঞ অনলাইনে এবং সরাসরি যুক্ত আছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এক সপ্তাহের বেশি সময় ধরে এই হাসপাতালে ভর্তি আছেন তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময়। তাকে এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। সেখানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছিলেন খালেদা জিয়া, করেছেন কারাভোগ। চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি তাকে। ফলে ধীরে ধীরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতা দেখা দেয় খালেদা জিয়ার।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পরদিন ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি। এরপর উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে যেতে হয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়াকে দেখতে গেলেন তিন বাহিনী প্রধান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর