বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা না নিলে জনগণ তাদেরও জবাব দেবে।
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বাস্থ্য সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জিয়া-খালেদা জিয়া মানুষের পালস বুঝেছিলেন বলেই বিএনপি বড় দল হয়েছে। এখনকার নেতারা জনগণের এই পালস না বুঝলে হারিয়ে যাবে। জনতার জন্য ফিরে আসুন।’
পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আট দলের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, ‘পাঁচ দাবিতে জামায়াতসহ আট দলের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। তাদের ওপর কোনো ধরনের হামলা হলে এনসিপি বসে থাকবে না।’
আওয়ামী লীগকে ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ একাই যথেষ্ট উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শুনলাম কাল নাকি আওয়ামী লীগের লকডাউন। কালকে সব দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া বক্তব্যের প্রসঙ্গে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, ‘আরেকটি খবর এসেছে-আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে। মামলা তো তুলেই নিয়েছে গত এক বছর টাকার বিনিময়ে। নতুন করে আর কী তুলবেন? বিএনপি গত এক বছরে যে মামলা বাণিজ্য করেছে, সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন, তাদেরকে জায়েজ করে নিলেন।’
আরও পড়ুন: দাবি না মানলে যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থানের ঘোষণা ৮ দলের
