ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেছেন, ‘ভারতে গিয়ে হরতাল ঘোষণা করছেন এবং গাড়ি পোড়াচ্ছেন। কালকে কিন্তু গাড়ি পুড়ছে। দিল্লিতে বসে দেশের সর্বনাশ আর কইরেন না। এতো সাহস থাকলে, জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আছেন কেন? আসেন না কেন দেশে? আমরাও জেল খেটেছি দীর্ঘদিন, আপনারাও খাটেন কিছুদিন।’
আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও বড়গাঁও ইউনিয়নের কিসমত কেশুর বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বৈরশাসক শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণভবনের কাছে জনগণ পৌঁছালে সামরিক বাহিনীর টেলিফোনে হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে যান। পাবলিক আপনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, এই অবস্থা তৈরি হয়েছিলো।
বিএনপি মহাসচিব বলেন, ‘শেখ হাসিনাকে বলতে চাই, অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত।’
বিএনপি গণভোট ও নির্বাচন একই দিনে চায় জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে। আমরা সেই ব্যবস্থাকেই সমর্থন করি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে ১ কোটি মানুষের কাজের ব্যবস্থা করবে। পাশাপাশি, মা-বোনদের ন্যায্যমূল্যে পণ্য কেনার জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সার-বিষ-পানিসহ ন্যায্যমূল্যে কেনার জন্য ‘ফার্মাস কার্ড’ দেওয়া হবে। বিএনপি বিচার বিভাগকে স্বাধীন করতে চায়, যাতে বিচারক নির্ভয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারেন।’
আরও পড়ুন: জুলাই সনদের স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন হবে না, জামায়াত আমীরের হুঁশিয়ারি
