, | |

মূলপাতা আইন-আদালত

ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারপতির উদ্দেশে যা বললেন ইনু


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২ নভেম্বর, ২০২৫ ৭:০৮ : অপরাহ্ণ

সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জানতে চান, জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় অভিযোগ স্বীকার করেন কিনা? ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে এ প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘আমি মনে করি, আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি। আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।’

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইনুকে ট্রাইব্যুনালের হাজতখানা থেকে আসামির কাঠগড়ায় তোলা হয়। এরপর তার উপস্থিতিতেই প্রসিকিউশনের আনা অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল।

এ সময় কাঠগড়ায় দাঁড়ানো ইনুর উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, ‘আপনার বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে। আপনি গিল্টি প্লিড (দোষ স্বীকার) করলে আমাদের কাজ শেষ হয়ে যায়। নয়তো আমরা বিচার শুরু করবো।’

জবাবে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘আমি কয়েকটি অভিযোগ শুনেছি। বাকিগুলো শুনিনি। তবে আপনারা আমার আবেদনটি আমলে নিচ্ছেন না।’

তখন ট্রাইব্যুনাল বলেন, ‘হ্যাঁ। আমরা আপনার আবেদনটি রিজেক্ট করেছি। আপনি দোষ স্বীকার করবেন কিনা, বলুন।’

ইনু বলেন, ‘যে অভিযোগগুলো পড়া হয়েছে আমি সব শুনিনি।’ তখন চিফ প্রসিকিউটর বলেন, ‘ফরমাল চার্জের কপি দিলে তিনি পড়তে পারবেন।’

এ সময় জাসদ সভাপতি বলেন, ‘অনুমতি দিলে মাননীয় ট্রাইব্যুনালকে আমি দুটি কথা বলতে চাই।’ তার এমন কথায় প্রসিকিউশন থেকে বলা হয়— এখানে অন্য কোনো কথা বলার সুযোগ নেই। প্রত্যুত্তরে কয়েকটা কথা বলে জবাব দিতে চান বলে জানান ইনু।

 

ট্রাইব্যুনাল বলেন, ‘এটির সুযোগ নেই। আপনি আইনজীবী নিয়োগ করেছেন-যা বলার ওনার মাধ্যমে বলবেন।’

তখন ইনু বলেন, ‘প্রধান উপদেষ্টা দুইবার বলেছেন-দেশে গায়েবি মামলা হচ্ছে। আইন উপদেষ্টাও গায়েবি মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে গায়েবি মামলার ঝড় থামছে না বলে জানিয়েছেন। তার এসব কথা শুনে আমি খুশি হয়েছি।’

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘সিএমএম কোর্টে আমার বিরুদ্ধে ৬০টি মামলা চলমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও গায়েবি অভিযোগ এনেছে প্রসিকিউশন। আমি রাজনৈতিক আক্রোশের শিকার। গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত। তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন, ৫ আগস্টের আগে যা হয়েছে তা ভুলে যান।’

পরে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার ও প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান।

আরও পড়ুন: প্রিজনভ্যানে কী নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন ইনু?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর