বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ২৬ ফেব্রুয়ারি গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। কিন্তু প্রতিষ্ঠার ৮ মাসের মাথায় এই সংগঠন নাম পাল্টে হয়ে গেলো ‘জাতীয় ছাত্রশক্তি’। জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আবু সাঈদ কনভেনশন হলে এক সমন্বয় সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আক্তার সেবন্তি এ ঘোষণা দেন। তবে সংগঠনটির নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির সমন্বয়কদের অনেকেই গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা ছিলেন। অভ্যুত্থানের পর তারা এই সংগঠনের কার্যক্রম স্থগিত করে দেন। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে সমন্বয়কদের (ছাত্রশক্তির সাবেক) একটি অংশের উদ্যোগে গণতান্ত্রিক ছাত্রসংসদের যাত্রা শুরু হয়।
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ভরাডুবির পর সংগঠনটিকে পুনর্গঠনের আলোচনা শুরু হয়। এনসিপির পক্ষ থেকে সম্মেলন করে তাদের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি সংগঠনটিকে সরাসরি এনসিপির ছাত্রসংগঠন হিসেবে পরিচিত করানোর পরামর্শ দেওয়া হয়। এনসিপির সেই পরামর্শে গণতান্ত্রিক ছাত্রসংসদের নাম পাল্টে ‘জাতীয় ছাত্রশক্তি’ রাখা হলো।
জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘এনসিপি যদি ভুল পথে যায়, ছাত্ররাই সঠিক পথ দেখাবে। কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন রাজনৈতিক দলের তাঁবেদারি না করে, তা নিশ্চিত করতে হবে।’
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ইতোমধ্যে আমরা নাম পরিবর্তন করেছি। নাম পরিবর্তন হয়ে ‘জাতীয় ছাত্রশক্তি’ হয়েছে। রিফর্মেশন প্রসেসের অংশ হিসেবে আমরা আরও কিছু বিষয় বদলাব। নতুন সংগঠন এনসিপির আদর্শিক সহযোগী হিসেবে কাজ করবে। কিন্তু এটাকে লেজুরবৃত্তিক বলা যাবে না।
এই ছাত্রনেতা আরও বলেন, ‘আমরা মনে করি, এনসিপি যে ধারার রাজনীতি করে, তাদের আদর্শিক ধারা আর আমাদের আদর্শিক ধারা এক। সেজন্য স্পষ্টভাবে বলছি আমরা এনসিপির সহযোগী আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করবো।’
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ।
আরও পড়ুন: এনসিপির অঙ্গ সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র আত্মপ্রকাশ
